২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটখিলে স্কুলছাত্রীকে হত্যা

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি বাড়ির পরিত্যক্ত শৌচাগার থেকে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

নোয়াখালী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি বাড়ির পরিত্যক্ত শৌচাগার থেকে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। চাটখিল থানার ওসি নজমুল হক জানান, শুক্রবার রাত ১১টার দিকে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে লাশটি পাওয়া যায়। শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত বৃষ্টি আক্তার (১২) স্থানীয় ফাতেমা প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্রী। নাহারখিল গ্রামের সৌদি প্রবাসী আবদুর রহিমের মেয়ে সে। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি নজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে কোচিং করার জন্য স্কুলের উদ্দেশ্যে বের হয় বৃষ্টি। তার ফিরতে দেরি হচ্ছে দেখে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে না পেয়ে রাত সাড়ে ৯টার দিকে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। “শুক্রবার রাত ১১টার দিকে নাহারখিল গ্রামের হাজী আতিক উল্যাহের বাড়ির পরিত্যক্ত টয়লেটে বৃষ্টির লাশ পাওয়া যায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।” তিনি জানান, শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধর্ষণের পরে বৃষ্টিকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬৫৫ ঘ.