ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি চালকদের তামাক সেবন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, তামাক এক নীরব ঘাতক। অনেক ড্রাইভার (চালক) তামাক সেবন করে গাড়ী চালানোর ফলে দুর্ঘটনার শিকার হয়। সড়ক দুর্ঘটনার এটি অন্যতম কারণ।
সবাইকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতিম-লীর এই সদস্য কাদের বলেন, “ধূমপান তথা মাদক হলো বিষ। খাদ্যদ্রব্য, পানি, বাতাস প্রায় সব কিছুতে বিষ মিশে গেছে, এই বিষ আমরা খাচ্ছি। আর মাদকের বিষ জেনেশুনে পান করছি।”
বর্তমান রাজনীতির মান নিচে নেমে গেছে- এ মন্তব্য করে তিনি বলেন, “এখন রাজনীতিবিদদের মুখ থেকেও বিষ ছড়াচ্ছে, যা নতুন প্রজম্মকে প্রভাবিত করছে। অহরহ সৌজন্য পোস্টার-ব্যানারে বিভিন্ন স্থান ছেঁয়ে যাচ্ছে। অথচ সৌজন্যবোধ কমেছে।”
ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান মন্ত্রী।
“আমি ধূমপান করি না। আমার অফিসে কেউ ধূমপান করে না। বাস, লঞ্চ, ট্রেনে যাতে ধূমপান বন্ধ হয় সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত ওই সভায় আরো বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মোজাফফর হোসেন পল্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৯১৭ ঘ.
bdnews24