ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-৫ আসনে গত সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেমের করা পুনর্বিবেচনার আবেদন আগামী ৫ জুন শুনবে আপিল বিভাগ।
আবুল কাশেমের আইনজীবী আনিসুল হক সময় চেয়ে আবেদন করায় বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ শুনানির জন্য নতুন এই দিন ঠিক করে দেয়।
বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল।
আনিসুল হক সাংবাদিকদের বলেন, “আমি আদালতে বলেছি, এই মামলার মূল আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। তিনি আজ নাই। তাই আমাদের সময়ের প্রয়োজন।”
এই আদেশের ফলে ৫ জুন পর্যন্ত বিএনপি নেতা মাহমুদুল হাসানের শপথ গ্রহণ স্থগিত থাকবে বলে জানান তিনি।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত আদেশেও বলা হয়, ৫ জুন পর্যন্ত শুনানি মুলতবি থাকবে এবং পুনর্বিবেচনার আবেদন নিস্পত্তি না হাওয়া পর্যন্ত শপথের ওপর স্থগিতাদেশ অব্যাহত থাকবে।
আদালতে মাহমুদুল হাসানের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।
টাঙ্গাইলের ওই আসনে সর্বোচ্চ ভোট পাওয়া আবুল কাশেমের এক আবেদনে মাহমুদুলকে সংসদ সদস্য হিসেবে শপথ পড়ানোর ওপর গত ২৯ মে স্থগিতাদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
ফলে বুধবার ওই শপথ অনুষ্ঠান হওয়ার দিন নির্ধারিত থাকলেও তা আটকে যায়।
নবম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আবুল কাশেম লাঙল প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান পান ৭২ হাজার ৮০৫ ভোট।
কাশেমকে বিল খেলাপি ও ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর ২০০৯ সালে মাহমুদুল হাই কোর্টে আবেদন করেন। এতে বলা হয়, জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের মনোনয়ন বৈধ ঘোষণা করলেও সোনালী ব্যাংকে তার ১৫ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা খেলাপি ঋণ রয়েছে। ময়মনসিংহ টেলিফোন এক্সচেঞ্জে কাশেমের নামে ৩২ হাজার ১১০ টাকা ফোন বিল বকেয়া রয়েছে।
২০০৯ সালের ১৫ ডিসেম্বর হাই কোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল সংসদ সদস্য আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে মাহমুদুলকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।
এর বিরুদ্ধে কাশেম আপিল করলে গত ১৪ ফেব্রুয়ারি তা খারিজ করে হাই কোর্টের আদেশ বহাল রাখে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। আদেশের ৭ দিনের মধ্যে মাহমুদুলকে বিজয়ী ঘোষণা করতে বলা হয়।
আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবুল কাশেম পরে রিভিউ আবেদন করেন।
এদিকে গত ২৯ এপ্রিল ইসি আপিল বিভাগের আদেশের কপি হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন গত ৭ মে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়।
ওই গেজেট অনুসারে স্পিকার মাহমুদুল হাসানকে শপথ পড়ানোর জন্য ৩০ মে দিন ধার্য করলে মঙ্গলবার দুপুরে আবুল কাশেমের পক্ষে আনিসুল হক আবেদন নিয়ে চেম্বার আদালতে গেলে ওইদিন শপথ স্থগিতাদেশের আদেশ আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৫২০ ঘ.
bdnews24