২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হাতে আটকের পর রাস্তার পাশে লাশ

পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ‘পুলিশের সহযোগিতায়’ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, আটকের পর স্থানীয় জনতা তাকে ছিনিয়ে নিয়ে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 06:31 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি গাজীপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর গাজীপুরে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে রাস্তার পাশ থেকে। নিহত মো. মামুন (৩২) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি এলাকায় মুদি দোকান চালাতেন। পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ‘পুলিশের সহযোগিতায়’ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, আটকের পর স্থানীয় জনতা ‘চাঁদাবাজি ও ডাকাতি মামলার আসামি’ মামুনকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। মামুনের স্ত্রীর বড় ভাই মোশারফ হোসেন জানান, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন চন্দ্র দে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জের বড়গাঁও বাজার থেকে মামুনকে আটক করে। “বাজারের লোকজন হাতকড়া পরিয়ে মামুনকে নিয়ে যেতে দেখেছে”, বলেন তিনি। এরপর রাত আড়াইটার দিকে কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে সড়কের পাশ থেকে মামুনের লাশ উদ্ধারের খবর পান তার পরিবারের সদস্যরা। ভোরে এসআই নৃপেন চন্দ্র দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তিনি মামুনকে ধরতে বড়গাঁও বাজারে গিয়েছিলেন, কিন্তু তাকে পাননি। মামুনের আটক ও লাশ উদ্ধার নিয়ে সকাল থেকে লুকোচুরির পর বেলা ১১টার দিকে কালিগঞ্জের ওসি মো. এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক করা হলেও এলাকাবাসী রাস্তা থেকে মামুনকে ছিনিয়ে নিয়ে যায়। “মামুন একটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি। মঙ্গলবার বিকালে বড়গাঁও গ্রামে রিফাত নামের এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চাঁদা চায় সে। না দিলে গ্রামছাড়া করার হুমকি দেয়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।” ওসি দাবি করেন, সন্ধ্যায় মামুনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে জনতা তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে সড়কের পাশে তার লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। “রাত আড়াইটার দিকে রামচন্দ্রপুর থেকে আমরা মামুনের লাশ উদ্ধার করি। তার দেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে”, বলেন তিনি। মামুনের বড় ভাই নাজমুল হোসেন ভূঁইয়া জানান, মাস ছয়েক আগে মোবাইল ফোনে হত্যার হুমকি পেয়ে মামুন কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। “জিডিতে মুক্তারপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শরীফুল ইসলাম তোরণের এক সহযোগীর নামও রয়েছে। প্রতিপক্ষরা পুলিশের সঙ্গে যোগসাজশ করে মামুনকে খুন করেছে বলে আমাদের ধারণা।” মামুনের ভাতিজা সাইদুল ইসলাম জানান, গত ইউপি নির্বাচনে তোরণের প্রতিপক্ষ প্রার্থীর হয়ে কাজ করায় তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জানান, মঙ্গলবার সন্ধ্যায় মামুন বড়গাঁও এলাকায় একটি বিয়ে বাড়িতে চাঁদাবাজি করতে গেলে গণপিটুনির শিকার হন বলে তিনি শুনেছেন। “তবে সন্ধ্যায় কালীগঞ্জ থানা পুলিশ মামুনকে আটক করেছিল বলেও শুনেছিলাম”, বলেন তিনি। কালীগঞ্জ থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, মামুনের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে কারা হত্যা করেছে- তদন্তে তা বেরিয়ে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১২২৫ ঘ.