২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ চেষ্টা, আটক ২

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের এক ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার দুইজনকে আটক করেছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ফরিদপুর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের এক ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার দুইজনকে আটক করেছে জনতা। এবার মানবিক শাখা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া এই ছাত্রী (১৭) সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ব্যবহারিক পরীক্ষা দিতে শহরের গোয়ালচামট মহল্লার বাসা থেকে তিনি রিকশায় কলেজে যাচ্ছিলেন। ঝিলটুলী মহল্লায় পৌনে ৯টার দিকে একটি মাইক্রোবাস তার রিকশার গতিরোধ করে। মাইক্রোবাসটি থেকে চালকসহ চার যুবক নেমে মুখে চেপে তাকে জোর করে মাইক্রোবাসে ওঠায়। তিনি বলেন, শহরের তেঁতুলতলা এলাকায় মাইক্রোবাসটি যানজটে পড়লে তিনি চিৎকার দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার এবং গাড়ির চালকসহ দুইজনকে আটক করে। এ সময় অন্য দু’জন পালিয়ে যায়। আটক দু’জন হলেন মাইক্রোবাসের চালক ফরিদপুর সদরপুর উপজেলার মনিকোঠা গ্রামের হায়দার শেখ (২৫) এবং শহরের ভাটিলক্ষ্মীপুর মহল্লার মো. মোকাম্মেল হোসেন (১৮)। মাইক্রোবাস চালক হায়দার শেখ বলেন, ফরিদপুর থেকে সদরপুর রোগী নেওয়ার কথা বলে মনিকোঠা গ্রামের শেখ মাসুদ (২২) এক হাজার দুইশ টাকায় তাকে ভাড়া করেন। গাড়িতে শহরের রথখোলা এলাকায় দেবা সাহা নামের আরো একজন ছিলেন বলেও তিনি জানান। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে দুপুরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৪ ঘ.