ঢাকা, মে ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের বেতন এবং পারিতোষিকও করের আওতায় এসেছে।
স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের বেতন ও পারিতোষিক আয়করের আওতায় আনার পর মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের আয়করের আওতায় আনতে দুটি বিল পাস হয়।
এই আইন ২০১১ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ আগামী অর্থবছর থেকে মন্ত্রিসভার সদস্যদের আয়কর দিতে হবে।
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যদের আয়করের আওতায় আনা বর্তমান সরকারের প্রতিশ্রুতি ছিল।
প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২ এবং মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২ বিল দুটি সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী উত্থাপন করেন।
অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী বিল দুটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া সংশোধনী, জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।
গত ১ মার্চ বিল দুটি সংসদে উত্থাপন করেন মতিয়া চৌধুরী। তখন বিল দুটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যদের বেতন ও পারিতোষিক আয়করের আওতায় আনতে সংসদে দুটি বিল পাস হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২২০৫ ঘ.
bdnews24