ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি সরকারি করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সম্পর্কিত একটি নীতিমালা প্রণয়নের জন্য সংশি¬ষ্ট মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রতিনিধিদল রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ নির্দেশ দেন।
প্রেস সচিব জানান, রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার কাজ তিন ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারের অনুমোদন ছাড়া নতুন কোনো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না।
বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, কো-চেয়ারম্যান সালাম মিয়া, সদস্য সচিব আবদুর রহমান বাচ্চু এবং যুগ্ম সদস্য সচিব মাহবুব আলমের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুর রহমান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন। শিক্ষকদের মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেবেন। এর আগে নতুন করে কোনো বিদ্যালয়ের নিবন্ধন দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।”
এ সময়, আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের উপদেষ্টা মহিউদ্দিন খান আলমগীর।
এর আগে চাকরি সরকারি করার দাবিতে গত ১৩ মে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
দাবি মানা না হলে ১৬ জুন থেকে সব রেজিস্ট্রার্ড বিদ্যালয়ে তালা ঝোলানোরও ঘোষণা দেন শিক্ষক নেতারা।
এর আগে গত ১৫ ও ১৬ জানুয়ারি এ দাবিতে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট করেছিলেন তারা। ১৭ থেকে ১৯ জানুয়ারি পালন করা হয় কর্মবিরতি।
শিক্ষক নেতারা জানান, বর্তমানে সারাদেশ ২৪ হাজারের মতো বেসরকারি প্রাথমিক রেজিস্ট্রার্ড বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছেন প্রায় এক লাখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এসইউ/১৪৩২ ঘ.
bdnews24