২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ক্যাম্পে হামলা, চেয়ারম্যানসহ আটক ৩

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ থামানোর জেরে একপক্ষের লোকজন পুলিশ ক্যাম্পে হামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঝিনাইদহ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ থামানোর জেরে একপক্ষের লোকজন পুলিশ ক্যাম্পে হামলা করেছে। এ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে তমালতলা পুলিশ ক্যাম্পে প্রায় দু’হাজার লোক হামলা চালায়। তারা প্রায় একঘণ্টা ক্যাম্পটি ঘেরাও করে রাখে। হামলায় ক্যাম্পের ওয়ারলেস পোল ভেঙ্গে গেছে বলে পুলিশ জানিয়েছে। তমালতলা ক্যাম্পের ইনচার্জ ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পের পাশের গোপালপুর গ্রামের জামাল উদ্দিন ও এলাহী বকসের সমর্থকদের মধ্যে শনিবার সকালে সংঘর্ষ হয়। বিকালে ফের সংঘর্ষে হলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করে। এ সময় দিগনগর গামের নুরু নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। পরে দিগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজাম্মল হক তোজামের অনুরোধে ছেড়ে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা বলেন, এরপর চেয়ারম্যানের উপস্থিতিতে প্রায় দু’হাজার মানুষ ক্যাম্পে ইট পাটকেল ছোঁড়ে। তারা ক্যাম্পে প্রবেশের গেট ভেঙ্গে ফেলে। তখন পুলিশ ৫ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করে। শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন বলেন, চেয়ারম্যান তোজাম্মেল হক, আলিফ ও শহীদ নামে তিন জনকে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.