২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ডাকাতের গুলিতে নিহত ১

সিলেটের শহরতলীতে পুলিশের পরিচয়ে বাড়িতে ঢোকা ডাকাতের গুলিতে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

সিলেট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শহরতলীতে পুলিশের পরিচয়ে বাড়িতে ঢোকা ডাকাতের গুলিতে একজন নিহত হয়েছেন। জালালাবাদ থানার ওসি গৌছুল আলম জানান, শনিবার ভোররাতে শহরতলীর শিবেরবাজার এলাকার নোয়াগাঁও গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত বশির আহমদ (৬২) নোয়াগাঁও এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে। ওসি গৌছুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে পুলিশ পরিচয়ে শিবেরবাজার এলাকার নোয়াগাঁও গ্রামের খসরু মিয়ার বাড়িতে ৭-৮ জন ডাকাতের একটি দল ঘরে ঢুকে পড়ে। ডাকাতরা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে। “ডাকাতি করে পালানোর পথে ডাকাতদের ধরতে ধাওয়া করে খসরু মিয়ার পাশের বাড়ির বশির উদ্দিনসহ এলাকার কয়েকজন যুবক। ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে বশিরের বুকে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।” পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা গৌছুল আজম আরো জানান, ডাকাতদের ধরতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬৩৩ ঘ.