২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তকে উচ্ছেদ করল জনতা

সাতক্ষীরা সদরে জোর করে দখল করা জমি থেকে দুর্বৃত্তদের উচ্ছেদ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

সাতক্ষীরা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদরে জোর করে দখল করা জমি থেকে দুর্বৃত্তদের উচ্ছেদ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার শহরের পারকুখরালী এলাকায় এ ঘটনার সময় দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল ও এক রাউন্ড গুলিসহ চারজনকে আটক করেছে। পরে বিপুল পুলিশসহ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার আসাদুজ্জামান গিয়ে এলাকাবাসীকে শন্তি করেন। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আলী রেজা সাংবাদিকদের বলেন, পারকুখরালী এলাকার সাড়ে তিন বিঘা অর্পিত সম্পত্তি স্থানীয় সাবেক ইউপি সদস্য এনথনি সরদার ইজারা নিয়ে ৩৫ বছর ধরে ভোগদখল করে আসছিলেন। গত বৃহস্পতিবার (১৭ মে) ভূমিহীন নামধারী একদল দুর্বৃত্ত ওই সম্পত্তি জোর করে দখলে নিয়ে রাতারাতি ছোট ছোট বেশ কয়েকটি খুপরি ঘর তুলে দেয়। কুখরালী গ্রামের নেছারুল ইসলাম, বাবু ড্রাইভারসহ এলাকাবাসী বলেন, দখলের পর এক সপ্তাহের মধ্যেই ওই জমিতে ৩৫টি পরিবার বসবাস শুরু করে। দখলকারীরা ওইসব খুপরি ঘরে বোমা, কাটা রাইফেল ও দেশি অস্ত্রশস্ত্র দিয়ে ভাড়াটে সন্ত্রাসীদের পাহারায় রাখে। ইজারাদার এনথনি সরদার বিষয়টি জেলা প্রশাসন ও থানায় জানিয়েও কোনো প্রতিকার পাননি। এলাকাবাসী আরো বলেন, এলাকার মানুষ দখলকারীদের শুক্রবারের আগে সরে যেতে বলে। কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। শুক্রবার জুমার নামাজের পর সাতটি গ্রামের কয়েকহাজার মানুষ একত্রে সন্ত্রাসীদের ঘিরে ফেললে তারা কয়েক রাউন্ড করে। এতে রুমা বেগম (২৫) নামের এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী খুপরি ঘরগুলো জ্বালিয়ে দেয়। সদর থানার ওসি আসলাম খান সাংবাদিকদের বলেন, পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দখলকারীদের পক্ষের আলতাফ হোসেন (৩৫), আব্দুস সবুর (৪০), আবু সিদ্দিক (২৫) ও আব্দুল হালিমকে (৪০) আটক করে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস এনথনি সরদারের কাছ থেকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, জেলা প্রশাসন থেকে দখলকারীদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও তারা সরেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৫ ঘ.