বগুড়া, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা গর্ভে বিলিন হয়ে যাওয়া বগুড়ার ধুনট উপজেলার বৈশাখী ও রাধানগর গ্রাম দুটি সাতাশ বছর পর জেগে উঠলেও ফের বৈশাখী ঝড়ে তছনছ হয়ে গেছে।
বুধবার রাতের প্রচণ্ড ঝড়ে শুধু ঘড়বাড়ি নয়, একমাত্র নিু মাধ্যমিক বিদ্যালয়ের সবকটি শ্রেণীকক্ষই মাটিতে মিশে গেছে।
ধুনটের সমৃদ্ধ গ্রাম ‘বৈশাখী’ ছিল সবার কাছেই পরিচিত। বিগত ১৯৮৫ সালে গ্রামটি যমুনার ভাঙনে নদীগর্ভে বিলিন হয়ে যায়। নিঃস্ব গ্রামবাসীরা যে যার মত অন্যস্থানে বসত গড়ে। একদিন গ্রামটি নদীগর্ভ থেকে আবার জেগে উঠতে থাকে। গত বছর থেকে ওই বৈশাখী চর সুজলা-সুফলা হয়ে উঠতে থাকে। আস্তে আস্তে ওই গ্রামের চলে যাওয়া মানুষগুলো ফিরতে থাকে আপন ঠিকানায়।
সরজমিনে দেখা যায়, বর্তমানে ওই গ্রামে ৫ শতাধিক পরিবার বাস করছে। আরো অনেকেই ফিরে আসছে। এখন যারা বসবাস করছে তারা নিুবিত্ত ও মধ্যবিত্ত। উচ্চবিত্তরা তাদের জমি দেখাশুনার জন্য শুধু একটি করে বাড়ি বানিয়ে সেখানে তার কাজের লোক রেখেছে।
এই গ্রামের পাশেই রাধানগড় গ্রাম। ওই গ্রামও যমুনা গর্ভ থেকে জেগে উঠেছে সুজলা সুফলা হয়ে। রাধানগর গ্রামে বাস করে আরো তিনশ’ পরিবার।
যমুনার পশ্চিম পাড় বানিয়া গ্রাম থেকে তিন কিলোমিটার যমুনা নদী পার হয়ে বৈশাখী ও রাধানগর গ্রামে গিয়ে এলামেলো অবস্থা দেখা যায়। বৈশাখী ঝড়ে ঘড়বাড়ি, গোলার ধান, মরিচ, কাউন, পাট, ভুট্টা এসব উড়ে গিয়ে পড়েছে নদীতে। রাতে খোলা আকাশের নিচে বিনিদ্রায় ওই দুই গ্রামের লোকজন কাটালেও সকাল থেকে তারা ব্যস্ত হয়ে পড়ে উড়ে যাওয়া ঘড়বাড়ি ও শস্য কুড়াতে।
বুধবারের ঝড়ে ওই দুই গ্রামের প্রায় চারশ’ বাড়িঘর উড়ে যায়। সেইসঙ্গে বৈশাখী স্কুলটিও। ওই গ্রামের লোকজন যতোটা না ব্যথিত ঘড়বাড়ির জন্য তার চেয়ে বেশি ব্যথিত স্কুলটির জন্য। কারণ, দুর্গম চড়ের দুটি গ্রামের ছেলে-মেয়েদের তিন কিলোমিটার যমুনা নদী পাড়ি দিয়ে অন্যত্র পড়াশুনার কোনা সুযোগ নেই।
ওই স্কুলের ম্যানেজিং কমিটির দুই সদস্য কামরুল মোর্শেদ আপেল ও আনোয়ার পারভেজ রুমন জানালেন, যেভাবেই হোক দ্রুত স্কুলটি নির্মাণ করা হবে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান এলাকা পরিদর্শন করে নির্বাহী অফিসারকে স্কুলটি নির্মাণ ও ক্ষতিগ্রস্ত ঘড়বাড়ি সংস্কারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০২০ ঘ.
bdnews24