ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধুর আকাঙ্খা পূরণে ‘শোষণ-বঞ্চনা ও দারিদ্র’মুক্ত সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালা উদ্বোধন করে তিনি বলেন, “দারিদ্র্যের বেড়াজাল ভেঙে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়তে, যার স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতীয় কবি এবং জাতির পিতা।”
“যে বাংলাদেশে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, মানুষে মানুষে বৈষম্য থাকবে না, নারী তার প্রাপ্য অধিকার ভোগ করতে পারবে, সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে, সমাজ থেকে অশান্তি দূর হবে... আসুন, আমরা সকলে মিলে সেই বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি।”
এবার বাংলাদেশ ও ভারত যৌথভাবে কবি নজরুলের ১১৩তম জন্মবার্ষিকী এবং তার লেখা ‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর পূর্তি উদযাপন করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির আইন, বিচার ও সংখ্যালঘু স¤প্রদায় বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ।
বিদ্রোহী কবিতা থেকে কয়েক ছাত্র উদ্ধৃত করে প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, নজরুলের প্রায় সমস্ত রচনাতেই আর্ত-পীড়িত, ব্যথিত ও উপেক্ষিত মানব মনের ব্যথা কাব্যাকারে ফুটে উঠেছে। নজরুল বাংলা কবিতার ক্ষেত্রে শুধু বিদ্রোহ নয়, একটি বিপ্লব সংঘটিত করেছেন।
“দ্রোহ কবি নজরুলের লেখনীর মূল সুর। কিন্তু এটাই তার লেখনীর একমাত্র পরিচয় নয়। তিনি ছিলেন সুন্দরের কবি, হৃদয়াবেগের কবি। তার গানে প্রেম ও প্রকৃতি অপরূপ রূপে ধরা দিয়েছে।... আমাদের আনন্দ-বেদনা-বিরহে নজরুলকে পাই একান্ত আপনজন হিসেবে”, বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিদ্রোহী কবিতায় কবির এই দীপ্ত উচ্চারণ আজও প্রতিটি বাঙালি এবং বাংলা ভাষাভাষীকে সমানভাবে আলোড়িত করে। অন্যায়, অবিচার এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদী হতে সাহস ও শক্তি জোগায়।
“বিদ্রোহী কবিতার এই আহ্বান মানুষের মুক্তির আহ্বান, আত্মজাগরণের আহবান। নজরুল এই জাগরণের আহ্বানের মধ্য দিয়ে ব্যক্তি মানসের মুক্তি চেয়েছেন।”
ঔপনিবেশিক শাসনামলে রাজদ্রোহের অপরাধে কবির কারাবাসের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “কারাবাস কবিকে দমাতে পারেনি। বরং অন্যায় আর অবিচারের বিরুদ্ধে তার আক্রমণের ভাষা আরও তীব্র ও শাণিত হয়েছে।”
প্রধানমন্ত্রীর মতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নজরুল দুজনই ছিলেন বিদ্রোহী। একজন সাহিত্যে, অন্যজন রাজনীতিতে। দুজনই মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন।
“নজরুল সাম্যের কবি, অসা¤প্রদায়িক কবি। তার কাছে ধর্ম, গোত্র, জাত-কুল, ধনী-গরীব সব শ্রেণীর মানুষ সমান। ধর্ম নিয়ে বাড়াবাড়ির কুফল তিনি প্রত্যক্ষ করেছিলেন। সেজন্য তিনি সা¤প্রদায়িকতা, ধর্মীয় গোঁড়ামি এবং কূপমণ্ডুকতার বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন।”
দর্শনগত দিক দিয়েও নজরুল এবং বঙ্গবন্ধু একই সমান্তরালে ছিলেন বলে মনে করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “নজরুলের আকাক্সক্ষা ছিল একটি শোষণ-বঞ্চনামুক্ত সমাজ। বঙ্গবন্ধুরও ইচ্ছে ছিল শোষণ-বঞ্চনা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার।”
কবির স্মৃতি ধরে রাখতে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও মানিকগঞ্জের তেওতায় ‘নজরুল স্মৃতিকেন্দ্র’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে শেখ হাসিনা জানান।
ভারতের মন্ত্রী সালমান খুরশিদ বিদ্রোহী কবির জন্মবার্ষিকী যৌথভাবে আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এই যৌথ আয়োজন দুই দেশের সাংস্কৃতি ও রাজনৈতিক পটভূমিতে মাইলফলক হয়ে থাকবে। দু’দেশের বন্ধন আরো দৃঢ় হবে।
সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে আবৃত্তিকার কাজী আবু জাফর সিদ্দিকীর হাতে ‘কাজী সাব্যসাচী’ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। নজরুল ইসস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমিরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম এতে স্মারক বক্তৃতা দেন।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এবং কবির নাতনী খিলখিল কাজী অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১২১০ ঘ.
bdnews24