গাইবান্ধা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলার একটি গ্রামে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করেছে সন্ত্রাসীরা। হামলায় একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
এ ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের বাজে চিথুলিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ হামলা হয়। এ সময় অন্তত ১০টি বাড়িতে লুটপাট করে সন্ত্রাসীরা। তাদের পিটুনিতে বকুল মিয়া (৫০) নামে এক গ্রামবাসী নিহত হন।
চরের জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তার সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বর ও চিথুলিয়া গ্রামের অধিবাসী হাফিজুল ইসলাম ও ডাকাত সর্দার আয়নাল হকের নেতৃত্বে এ হামলা হয় বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন।
আহতদের মধ্যে বাজে চিথুলিয়া গ্রামের আব্দুস সাত্তার (৫৫), বক্কর আলী (৩৫), আব্দুল বাকী (৩২), আব্দুল গনি (৪৫) ও দুলাল মিয়াকে (৩০) গাইবান্ধা সদর হাসপাতাল এবং শফিকুল ইসলাম (৪০) ও মো. বকুলকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সদর থানার ওসি মেস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাফিজুল ও আয়নালের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ওই গ্রামের অধিবাসী ও বর্তমান ইউপি মেম্বর আফছার আলীর বাড়িতে প্রথমে হামলা চালায়। পরে তারা আশপাশের আরো অন্তত ১০টি বাড়িতে হামলা ও লুটপাট করে। এ সময় তাদের মারধরে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়।
সন্ত্রাসীরা ওইসব বাড়ি থেকে গরু, ছাগল, হাস-মুরগি, কাপড়, ভুট্টা, ধান, চালসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।
এ সময় গ্রামবাসী এগিয়ে এলে হাফিজুল ইসলাম ও আয়নাল হক দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া গরু, ছাগল ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
গাইবান্ধার পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২২০২ ঘ.
bdnews24