জামালপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে একটি আন্তঃনগর ট্রেনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া অজ্ঞান এক যুবককেও উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বুধবার দুপুরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে আসাদের (২৬) লাশ পাওয়া যায়।
আসাদ জামালপুর সদরের হাজিপুর গ্রামের মগর আলীর ছেলে।
অসুস্থ সোহেলের (২৫) বাড়ি ঝাউরামে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুজনই ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
জামালপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি উসমান গণি সাংবাদিকদের বলেন, নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন থাকলেও সোহেলের শরীরে পাওয়া যায়নি।
ট্রেনের ছাদে কী ঘটেছিল তা এখনো জানা যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৭ ঘ.
bdnews24