২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোজাফফর আহমদের মৃত্যুতে শোক

অর্থনীতিবিদ ও নাগরিক আন্দোলনের নেতা অধ্যাপক ড. মোজাফফর আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্পিকার, অর্থমন্ত্রীসহ বিভিন্ন সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতিবিদ ও নাগরিক আন্দোলনের নেতা অধ্যাপক ড. মোজাফফর আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্পিকার, অর্থমন্ত্রীসহ বিভিন্ন সংগঠন। অধ্যাপক মোজাফফর মঙ্গলবার রাতে ধানমণ্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মোজাফফরের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। ধানমণ্ডির শাহী ঈদগাহ মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজার পর অধ্যাপক মোজাফফর আহমদকে দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান অধ্যাপক মোজাফফরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলীও শোক জানান। বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর এক সভায় অধ্যাপক মোজাফ্ফর আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে এ সভায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। অধ্যাপক মোজাফ্ফরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে তৈরি পোষাক প্রস্তুতকারক ও রপ্তানীকারকদের বৃহত্তম সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেছে সংগঠনটি। এছাড়া তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়। এছাড়াও অধ্যাপক মোজাফ্ফরের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাকের পার্টি, নাগরিক সংহতিসহ বেশ কয়েকটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস মোজাফফর নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোজাফফর ২০০৮ সালে একুশে পদক পান। পরিকল্পনা কমিশনের সাবেক এই সদস্য শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএ/১৯৩৮ ঘ.