২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুমেক হাসপাতালে নবিস চিকিৎসকদের কর্মবিরতি চলছে

আওয়ামী লীগ নেতার মৃত্যুর পর সমর্থকদের ভাংচুরের জের ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিস চিকিৎসকরা তৃতীয় দিনও কর্মবিরতি পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

খুলনা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতার মৃত্যুর পর সমর্থকদের ভাংচুরের জের ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিস চিকিৎসকরা তৃতীয় দিনও কর্মবিরতি পালন করেছেন। সোমবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। বুধবার সকালে শিক্ষানবিস চিকিৎসকরা সভার পর হাসপাতাল কর্তৃপক্ষকে চার দফা দাবি জানিয়েছেন। একই সঙ্গে জেলার সকল সরকারি-বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানেও প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতির চলছে চিকিৎসকদের। এ কারণে রোগীরা ভোগান্তির মধ্যে পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বিভিন্ন ওয়ার্ডে রোগীরা চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। অনেকে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। রোববার সন্ধ্যায় জেলা দলিল লিখক সমিতির যুগ্ম-মহাসচিব আওয়ামী লীগ নেতা জাকির হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর পর রোগীর সঙ্গে আসা লোকজন হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। এর প্রতিবাদে পরদিন থেকে শিক্ষানবিস চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। শিক্ষানবিস চিকিৎসক স্বপন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত হাসপাতালের ১২৮ জন শিক্ষানবিস চিকিৎসক ধর্মঘট অব্যাহত রাখবে। তাদের দাবির মধ্যে রয়েছে- নিরাপত্তার জন্য হাসপাতালে কমপক্ষে সার্বক্ষণিক ৩০ জন পুলিশ মোতায়েন, হাসপাতালের প্রতিটি ফ্লোরে দুইজন করে নিরাপত্তা প্রহরী, হাসপাতালে ভর্তিকৃত রোগীর সঙ্গে একজন এবং জরুরি বিভাগের রোগীর সঙ্গে দুইজন করে থাকতে পারবেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক পরিতোষ কুমার কুণ্ডু বলেন, চার দফা দাবির ব্যাপারে তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। এদিকে দলিল লিখক জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী জামিলা বেগম বাদী হয়ে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৪ ঘ.