২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ জুন

যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা আবদুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না- তা ১১ জুন জানাবে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 07:39 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা আবদুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না তা ১১ জুন জানাবে আদালত। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর বুধবার আদেশের এই দিন ঠিক করে দেন। এর আগে আসামির আইনজীবী তাজুল ইসলাম অভিযোগ গঠন না করে এ মামলা থেকে আলীমকে অব্যাহতি দেওয়ার পক্ষে যুক্তি দেন। অন্যদিকে অভিযোগ গঠন করে বিচার শুরুর পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। ওই বছরই ৩১ মার্চ অশীতিপর এই বৃদ্ধকে ১ লাখ টাকায় মুচলেকায় ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরপর বেশ কয়েক দফা বাড়ানো হয় এই জামিনের মেয়াদ। গত মার্চে আলীমের মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করার পর ২৪ এপ্রিল এ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। জয়পুরহাটের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৩ হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ২৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছে প্রসিকিউশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/জেকে/১৩৩৫ ঘ.