২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে সড়ক ও নৌপথ অবরোধ শুরু

আইন সংশোধন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) বিচার কার্যক্রম বন্ধ রাখা এবং পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 04:15 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

খাগড়াছড়ি, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন সংশোধন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) বিচার কার্যক্রম বন্ধ রাখা এবং পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি ও রাঙামাটিতে বুধবার ভোর ৬টা হতে ৩৬ ঘণ্টা এবং বান্দরবানে সকাল-সন্ধ্যা এই অবরোধ কর্মসূচি ডেকেছে। মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পিচলাতলা এলাকায় সন্ত্রাসীরা একটি পিকআপ ও একটি জিপে আগুন দেয়। এছাড়া সকালে খাগড়াছড়ি জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকা, খবংপুড়িয়া ও পানখাইয়াপাড়া সড়কে পিকেটিং করছে ইউপিডিএফের সদস্যরা। অবরোধের মধ্যে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তবে কোথাও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। এদিকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সচিব আবদুল হামিদ জানান, অবরোধ হলেও ভূমি কমিশনের বিচারিক কাজ যথারীতি চলবে। বুধবার কমিশনের চতুর্থ দফার মুলতবি শুনানি হওয়ার কথা রয়েছে। কমিশনের ৫ সদস্যের মধ্যে ৩ পাহাড়ি সদস্য উপস্থিত না হওয়ায় কোরাম সংকটের কারণে গত তিনটি তারিখে শুনানি মুলতবি করতে বাধ্য হন ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১২ ঘ.