২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় আহত পিসিপিকর্মীর মৃত্যু

রাঙামাটিতে বোমা বিস্ফোরণে আহত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতাকর্মীদের একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

রাঙামাটি, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে বোমা বিস্ফোরণে আহত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতাকর্মীদের একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাত ১টায় মংসাচিং মারমার (২০) মৃত্যু হয়। মংসাচিং কাপ্তাই সুইডিশ পলিটেনিক্যাল ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র ছিলেন। কাপ্তাই উপজেলার রাইখালীর বগিছড়া গ্রামের ক্যচিং মারমার ছেলে। তিনি পিসিপি সুইডিশ পলিটেনিক্যাল ইন্সটিটিউট শাখা পিসিপি’র সহসভাপতি ছিলেন বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিতেশ চাকমা। রোববার শহরের কল্যাণপুরে একটি বাসে বোমা বিস্ফোরণে ১৩ পিসিপি নেতাকর্মী ও বাস চালকের সহকারী আহত হয়েছিলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক নিলোৎপল খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মংসাসিংয়ের মৃত্যু হয়েছে। নিলোৎপল খীসা আরো বলেন, বোমা হামলায় আহত ১৪ জনের মধ্যে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। চট্টগ্রাম থেকে তিনজনকে পরে ঢাকায় পঙ্গু হাসপাালে পাঠানো হয়। এদিকে মংসাসিংয়ের মৃত্যুর খবরে সকাল ১০টায় রাঙামাটি শহরে জনসংহতি সমিতি বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে। জেএসএস এ হামলার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করলেও তারা অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৫ ঘ.