ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০ বছরে পর্যায়ক্রমে দেশের সব গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক চার লেনে উন্নীত করাসহ সড়ক যোগাযোগের উন্নয়ন নিয়ে একটি মহাপরিকল্পনা করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক যোগাযোগের ক্ষেত্রে প্রথমবারের মতো এ ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে সরকার।
‘রোড মাস্টার প্ল্যান’ নামে এ মহাপরিকল্পনার একটি অনুলিপি মঙ্গলবার যোগাযোগমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সচিব বলেন, এ মহাপরিকল্পনায় গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো চার লেনে উন্নীত করার পাশাপাশি নুতন সেতু নির্মাণেরও প্রস্তাব রয়েছে। নতুন সড়ক করার ওপর গুরুত্ব কমিয়ে বিদ্যমান সড়কগুলোর রক্ষণাবেক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে এতে।
দেশের সড়ক যোগাযোগের উন্নয়ন ও সম্প্রসারণে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে কাজ করবে উল্লেখ করে সচিব বলেন, “আগামী ২০ বছরে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা, যানবাহন ও সড়কের চাহিদা বিবেচনায় নিয়ে এ পরিকল্পনা করা হয়েছে।”
জাতীয় স্থল পরিবহন নীতিমালার আওতায় যোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সড়ক ও জনপথ অধিদপ্তর এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘রোড মাস্টার প্ল্যান’ প্রণয়ন করেছে বলে জানান তিনি।
যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন শ্রেণীর মোট প্রায় ২১ হাজার ২৭২ কিলোমিটার সড়ক রয়েছে।
সওজের নিয়ন্ত্রণে থাকা সড়কগুলোতে বিভিন্ন প্রকারের চার হাজার ৫০৭টি সেতু এবং ১৩ হাজার ৭৫১টি কালভার্ট রয়েছে। ৬০টি ফেরিঘাটে বিভিন্ন প্রকারের মোট ১৫৩টি ফেরি চলাচল করছে।
‘রোড মাস্টার প্ল্যান’ শিগগিরই যোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে এম এ এন ছিদ্দিক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/জেকে/১৬২৫ ঘ.
bdnews24