নারায়ণগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁচপুরের সিনহা গার্মেন্ট বন্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা। এ সময় পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে বাসচাপায় নিহত হয়েছেন এক নারী শ্রমিক।
এ ঘটনায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী বাসে আগুন দিয়ে অন্তত পাঁচটি গাড়ি ভাংচুর করেছে পোশাক শ্রমিকরা।
শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সংঘর্ষের পর সোমবার সিনহা গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে কয়েক হাজার শ্রমিক মঙ্গলবার সকালে কারখানার সামনে জড়ো হয়ে কাজ শুরুর দাবি জানাতে থাকে।
শ্রমিকরা জানান, বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার জন্য ধাওয়া করলে দৌঁড়ে পালাতে গিয়ে সোনিয়া (২২) নামের এক শ্রমিক বাসচাপায় নিহত হন।
এ ঘটনায় উত্তেজিত শ্রমিকর বাসটি পুড়িয়ে দেয় এবং মহাসড়কে অন্তত পাঁচটি গাড়ি ভাংচুর করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান সোনারগাঁও থানার ওসি হারুনুর রশিদ।
এ সময় পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়ে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
পরে পুলিশ পিটিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সাড়ে ১০টার পর মহাসড়কে যান চলাচল শুরু হয় বলে ওসি জানান।
শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সোমবারও সিনহা গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।
এ ঘটনায় কর্তৃপক্ষ রাতেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৫০ ঘ.
bdnews24