নোয়াখালী, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাহবুবউদ্দিন খোকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে তার জেলা নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল করছে বিএনপি।
হরতালের কারণে মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সকালে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি টার্মিনাল থেকে।
জেলার বাণিজ্যিক শহর চৌমুহনী ও বজরা এলাকায় রাত থেকেই গাছের গুড়ি ফেলে সড়ক আটকে রাখে পিকেটাররা।
এসব এলাকায় ঢাকা ও রংপুর থেকে আসা লক্ষ্মীপুরগামী দুটি যাত্রীবাহী বাস, একটি অ্যাম্বুলেন্স ও বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক আটকে রেখেছে পিকেটাররা। ফলে নারী ও শিশুদের নিয়ে মাঝপথে দুর্ভোগে পড়েছেন অভিভাবকরা।
জেলা শহরে বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে যুবদল ও ছাত্রদলের কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়।
এর আগে খোকনের নির্বাচনী এলাকা সোনাইমুড়ি-চাটখিলে পিকেটাররা সকালে টায়ার জ্বালিয়ে বিভিন্ন সড়কে অবোরোধ সৃষ্টি করে। দু’এক জায়গায় খোকনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলও বের করে স্থানীয় নেতাকর্মীরা।
হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে জেলা ও উপজেলা শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হরতালে আগের রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, হরতালে নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে- এমন আশঙ্কা থেকে ৫৪ ধারায় আটক করা হয়েছে এই ৫৬ জনকে। এদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলার আসামি।
অবশ্য বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মো. শাহজাহান অভিযোগ করেছেন, হরতাল কর্মসূচি বানচাল করতেই পুলিশ নেতাকর্মী ও সমর্থকদের আটক করেছে।
গাড়ি পোড়ানোর একটি মামলায় সোমবার খোকনকে কারাগারে পাঠায় ঢাকার আদালত। এর পরপরই তার জেলা নোয়াখালীতে হরতালের ঘোষণা দেয় স্থানীয় বিএনপি।
নোয়াখালীর সোনাইমুড়ী-চাটখিলের সংসদ সদস্য খোকন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। খালেদা জিয়াসহ বিএনপির বিভিন্ন নেতার উচ্চ আদালতের আইনজীবীর দায়িত্বও পালন করছেন তিনি।
এদিকে নোয়াখালীতে হরতালের কারণে সোমবার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা আগামী শনিবার হবে বলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল সারা দেশে হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।
এরপর ২৯ এপ্রিল রাতে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৪ নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা করে তেজগাঁও থানা পুলিশ, যাতে খোকনকেও আসামি করা হয়।
এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ নেতারা কারাবন্দি হলেও হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন খোকন।
ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিএনপির সংসদ সদস্য সোমবার ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিম এরফান উল্লাহর আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। বিচারক ওই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠাতে বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/আরএ/১৪২৩ ঘ.
bdnews24