২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক লাখ লিটার চোরাই ফার্নেস অয়েল উদ্ধার

নগরীর মাঝিরঘাট এলাকায় প্রায় এক লাখ লিটার চোরাই ফার্নেস অয়েল উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে ২৩ জনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 07:34 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মাঝিরঘাট এলাকায় প্রায় এক লাখ লিটার চোরাই ফার্নেস অয়েল উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে ২৩ জনকে আটক করা হয়। র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জিয়াউল আহসান সারোয়ার জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে মাঝিরঘাট এলাকার আনু মাঝির ঘাটে ১১টি তেলের ট্যাঙ্কার থেকে থেকে লাইটারেজ জাহাজে বোঝাই করার সময় এসব চোরাই ফার্নেস অয়েল জব্দ করা হয়। এগারটি ট্যাঙ্কারের প্রতিটিতে গড়ে ৯ হাজার লিটার করে প্রায় ৯৯ হাজার লিটার ফার্নেস অয়েল ছিলো বলে জানান তিনি। আটককৃত ২৩ জনের সবাই তেলের ট্যাঙ্কার ও লাইটারেজ জাহাজের শ্রমিক, চালক ও চালকের সহকারী। মেজর জিয়াউল আহসান সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মা অয়েলের ডিপো থেকে অসাধু কর্মচারীদের একটি চক্রের সহযোগিতায় এসব ফার্নেস ওয়েল চুরি করে গভীর সমুদ্রের জাহাজগুলোতে বিক্রি করা হতো। তিনি বলেন, “শুনেছি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভর্তুকি মূল্যে প্রতি লিটার ৫৬ টাকা করে দেওয়া এসব ফার্নেস অয়েল বিভিন্ন জাহাজে লিটার প্রতি ৭০ টাকা করে বিক্রি করা হয়। দীর্ঘদিন ধরে অসাধু চক্রটি এ কাজ করছে।” তিনি আরো জানান, আটককৃত ২৩ জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/১৩২৮ ঘ.