২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডির ওসি অপসারণের দাবিতে সাংবাদিকদের সমাবেশ

সাংবাদিকদের ওপর হামলা ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় ধানমণ্ডি থানার ওসি মো. কামরুজ্জামানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্র্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের ওপর হামলা ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় ধানমণ্ডি থানার ওসি মো. কামরুজ্জামানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্র্যাব। দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র রিপোর্টার বিভাস চন্দ্র সাহার মৃত্যুর জন্য বাসচালককে দায়ী করে তার দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছেন সাংবাদিক নেতারা। গত ১১ মে ধানমণ্ডির দুই নম্বর সড়কে মৈত্রী পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক বিভাস চন্দ্র সাহা। ওই সময় ঘটনাস্থলে কয়েক ঘণ্টা পড়ে ছিল বিভাসের নিথর দেহ। স্থানীয় জনতা ও সাংবাদিকরা প্রতিবাদ জানালে সেদিন সাংবাদিকদের ওপর চড়াও হয় পুলিশ। এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়েন ধানমণ্ডি থানার ওসি। সেগুন বাগিচায় ক্র্যাব কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ আকন বলেন, ওসি মনিরুজ্জামানের অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সাংবাদিকরা। কামরুজ্জামানের অপসারণ দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিও ঘোষণা করেন ক্র্যাব নেতারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ কেরছে। ক্র্যাবের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান খানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি আখতারুজ্জমান লাবলু। এতে রিপোর্টার্স ইউনিটের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ক্র্যাবের সাধারণ সম্পাদক ইসারফ হোসেন ইসা, ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদর রহমান খোকনও বক্তব্য রাখেন। কামরুজ্জামানের অপসারন দাবিতে গত শুক্রবার ধানমণ্ডি থানা ঘেরাও করে অপরাধ বিষয়ক সাংবাদিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/০০১০ ঘ.