২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৈলাসটিলা ও হরিপুরে নতুন তেল মজুদ

এ দুটি ক্ষেত্রে ৫৫ মিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য তেল রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যা দিয়ে অন্তত দুই বছরের চাহিদা মেটানো সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 11:08 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স সিলেটের কৈলাসটিলা ও হরিপুরে খনিজ তেলের নতুন মজুদের সন্ধান পেয়েছে, যা দিয়ে অন্তত দুই বছরের চাহিদা মেটানো সম্ভব। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর রোববার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, দুটি ক্ষেত্রে মোট ১৩৭ মিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে, যার মধ্যে ৫৫ মিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই তেলের বাজারমূল্য ৪২ থেকে ৪৫ হাজার কোটি টাকা বলে জানান তিনি। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে বছরে গড়ে ২২ থেকে ২৫ মিলিয়ন ব্যারেলের মতো তেল প্রয়োজন হয়। উত্তোলন সম্ভব হলে এ দুটি ক্ষেত্রের মজুদ দিয়ে দুই বছরের বেশি সময় চলতে পারে।” কৈলাসটিলা ও হরিপুরে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে এ দুটি ক্ষেত্রে নতুন মজুদ চিহ্নিত করার পর বাপেক্স গত বুধবার পেট্রোবাংলার কাছে প্রতিবেদন দেয়। দুটি ক্ষেত্রের মধ্যে কৈলাসটিলায় ১০৯ মিলিয়ন ব্যারেল তেলের সন্ধান পেয়েছে বাপেক্স, যার মধ্যে ৪৪ মিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য। এছাড়া হরিপুরের দুটি স্তরের একটিতে ২৮ মিলিয়ন ব্যারেল তেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে ১১ মিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য। এ তেলক্ষেত্রের অন্য স্তরের মজুদ নির্ণয় করা যায়নি উল্লেখ করে হোসেন মনসুর বলেন, “এই স্তরের তেলের মজুদ জানতে আরো সময় লাগবে।” এই তেল উত্তোলনের দায়িত্ব কারা পাবে জানতে চাইলে হোসেন মনসুর ইংগিত দেন, এবার ‘দেশি কোম্পানিই’ এর দায়িত্ব পেতে পারে। “বর্তমান বাস্তাবতায় এই নতুন তেল ক্ষেত্র আবিষ্কার বাংলাদেশের জন্য একটি শুভ সূচনা করল,” বলেন তিনি। এর আগে ১৯৮৬ সালে হরিপুরে তেলের সন্ধান পাওয়ার পর প্রায় সাড়ে ছয় লাখ ব্যারেল তেলও উত্তোলন করা হয়েছিল। কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ না করায় শেষ পর্যন্ত তা বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এআরআর/এনআইএনইচ/এআরএইচ/জেকে/১৭০২ ঘ.