ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের চিত্রকলাকে অনেকদূর এগিয়ে দিয়ে চলে গেলেন শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ, যিনি ছিলেন এ দেশে ছাপচিত্রকলার পথিকৃৎ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলের অনুষদের প্রিন্ট মেকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান এই শিল্পী। তার বয়স হয়েছিল ৯০ বছর।
পরিবারের সদস্যরা জানান, সফিউদ্দীন আহমেদ বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর গত তিন দিন ধরে তিনি ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
সফিউদ্দীন আহমেদের ছেলে আহমদ নজির জানান, শনিবার সকালে শিল্পীর অবস্থার আরো অবনতি ঘটে। এক পর্যায়ে তার দুটি কিডনিই অকেজো হয়ে পড়ে। দেহের অন্যান্য অংশও ঠিকমতো সাড়া দিচ্ছিল না।
শনিবার রাতে শিল্পগুরুর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, ছাত্র ও শিল্পানুরাগীদের অনেকেই এই শিল্পীকে শেষবারের মতো দেখতে রাতে হাসপাতালে যান।
ধানমন্ডির গ্যালারি চিত্রকের স্বত্ত্বাধীকারী মুনীরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিল্পীর মরদেহ রোববার স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে।
সোমবার সকাল ৮টায় শিল্পী ও শিল্পানুরাগীদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে গ্যালারি চিত্রকে। এরপর সকাল ১০টায় শিল্পীর কফিন নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শিল্পগুরুর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
এরপর বেলা ১২টায় মরদেহ নিয়ে যাওয়া হবে শিল্পীর পুরনো কর্মস্থল চারুকলা অনুষদে।
পরিবারের সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আলোচনা করে শিল্পীর জানাজা ও দাফনের বিষয়গুলো ঠিক করা হবে বলে মুনীরুল ইসলাম জানান।
কলকাতা ভবানীপুরের ১৯২২ সালের ২৩ জুন শিল্পীর জন্ম। ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে এচিং ও এনগ্রেভিংয়ে ডিপ্লোমা করেন।
শিল্পী হিসাবে সফিউদ্দীন আহমেদের সুনাম ছড়িয়ে পড়তে শুরু করে ঊনিশশ চল্লিশের দশক থেকেই। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহযাত্রী হিসাবে ঢাকা আর্ট কলেজ প্রতিষ্ঠাতেও পালন করেন অগ্রণী ভূমিকা। বাংলাদেশে ছাপচিত্রকলাকে এগিয়ে নিতে তিনিই পথ দেখিয়েছেন।
সফিউদ্দীন আহমেদ ১৯৪৮ থেকে ১৯৭৯ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাপচিত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
চারুকলায় অবদানের জন্য একুশে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার ছাড়াও কলকাতা একাডেমি অব ফাইন আর্টের একাডেমি প্রেসিডেন্ট পদক, ভারতের পাটনা শিল্পকলা পরিষদের দ্বারভাঙ্গা মহারাজার স্বর্ণপদক, পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পদকসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন এই শিল্পী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচএ/জেকে/১০৩০ ঘ.
bdnews24