২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পাউডারের সরবত পানে ২ জনের মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলায় পাউডারের সরবত পান করে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হন দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

নওগাঁ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলায় পাউডারের সরবত পান করে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হন দুজন। কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মৃতরা হলেন ওই গ্রামের আব্দুস সামাদের স্ত্রী ফেরদৌসী বিবি (৪০) এবং তার ছেলে মিলন (১১)। এছাড়া অসুস্থ আব্দুস সামাদ (৪৬) এবং তাদের আরেক ছেলে মাসুদকে (১৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে মান্দা থানার ওসি আব্দুল্লাহহেল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে প্রচণ্ড গরমের সময় দোকান থেকে পাঁচ প্যাকেট অরোভিট অরেঞ্জ ড্রিংকস পাউডার এনে শরবত বানিয়ে পান করে পরিবারের চার সদস্য। এরপরই তারা অসুস্থ হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ফেরদৌসী বিবির মৃত্যু হয়। সামাদ, মাসুদ ও মিলনকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মিলনের মৃত্যু হয়। ওসি জানান, স্থানীয় একটি দোকান থেকে কেনা ‘অরোভিট ড্রিংকস’র প্যাকেটে লেখা রয়েছে সফট ড্রিংক পাউডার জুনিয়র। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম হল অরোরা স্ট্যান্ডার্ড ফুডস কোং, তালাইমারী, শহীদ মিনার, রাজশাহী, বাংলাদেশ। ওই প্যাকেটগুলোর গায়ে বিএসটিআই’র সিলমোহর থাকলেও উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ উল্লেখ নেই বলে জানান ওসি আব্দুল্লাহ। দোকানের মালিক মানিক বলেন, ড্রিংকস পাউডারগুলো সাবাই বাজারের দেলুয়াবাড়ী বাজারের জোয়ার্দ্দার মার্কেটের দোকানি আশরাফুল ইসলাম এবং কাপড়পট্টি এলাকার দোকানি মকলেছুর রহমানের কাছ থেকে কেনে। তিনি কিনেছেন আশরাফুলের দোকান থেকে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯২০ ঘ.