২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিশাতের সাহসিকতায় গর্বিত: প্রধানমন্ত্রী

প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করার পর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিশাত মজুমদারের সাহসিকতায় দেশবাসী গর্বিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করার পর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিশাত মজুমদারের সাহসিকতায় দেশবাসী গর্বিত। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “প্রথম বাংলাদেশি নারী হিসাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে নিশাত বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করায় সমগ্র দেশবাসীর সঙ্গে আমিও গর্বিত।” “প্রথম বাংলাদেশি নারী হিসাবে এই প্রতিকূলতা পাড়ি দিয়ে নিশাত মজুমদার বাঙালির সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার এই সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এভারেস্টের চূড়ায় নিশাত দেশের পতাকা ওড়ান। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক এভারেস্ট জয়ী এম এ মুহিত। তারা দুই জনই বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য। এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন এম এ মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৪৫৭ ঘ.