ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর থেকে শুক্রবার সন্ধ্যায় এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫, পরনে ছিল চেক লুঙ্গি।
মিরপুরের শেওড়া পাড়ায় ওয়াসা মোড়ের একটি জায়গার সীমানা প্রাচীরের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মিরপুর থানার পুলিশ জানিয়েছে।
ওই থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে শিশুরা বল নিয়ে খেলার সময় বলটি ওই জায়গায় পড়লে তারা বলটি আনতে গিয়ে ছালার একটি বস্তা দেখতে পায়। সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে এর ভেতর যুবকের লাশ দেখতে পায়।
তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২১৪২ ঘ.
bdnews24