ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও ঘাতক গ্রেপ্তারের তাগিদ দিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।
বৃহস্পতিবার শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সচিবালয়ে দেখা করে যুক্তরাষ্ট্রের দূত তার উদ্বেগের কথা জানালে তাকে আশ্বস্ত করেন মন্ত্রী।
খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার দেশের উদ্বেগের কথা জানিয়েছেন।
“বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমিনুলের মৃত্যুতে আমরাও উদ্বিগ্ন। শ্রম-অসন্তোষ বা অস্থিরতার সঙ্গে আমিনুল জড়িত ছিলেন না। সরকারের জন্যও তিনি সমস্যা ছিলেন না। কোনো কারখানা বা কারখানার মালিকের সঙ্গেও তার বিরোধ ছিল না,” বলেন তিনি।
হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং তদন্তের পরই সব বিষয়ে নিশ্চিত করে বলা যাবে, মজিনাকে বলেছেন মন্ত্রী।
দেশের তৈরি পোশাক খাতের বর্তমান পরিবেশে যুক্তরাষ্ট্রের দূত সন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি জানান।
মোশাররফ বলেন, “শ্রম ইস্যুতে আমরা অনেক দূর এগিয়েছি। তবে পরিস্থিতির আরো উন্নয়ন করা প্রয়োজন।
“এজন্য বাংলাদেশি গার্মেন্টস পণ্য আরো বেশি দামে কিনতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছি। তারা বেশি দামে এসব পণ্য কিনলে আমরা বেশি মজুরি দিতে পারব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/০১০৫ ঘ.
bdnews24