মাগুরা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর ও মহম্মদপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
আব্দুল হান্নান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মহম্মদপুর উপজেলার গপিনাথপুর গ্রামে বজ্রপাতে মারা যান ভাসান মোল্লা (৪০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৩৫)। এ সময় তারা বাড়ির আঙ্গিনায় ফসল তোলার কাজ করছিলেন। একই সময় আহত হয় বারান্দায় বসে থাকা তাদের দুই ছেলে।
এদিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যকর্মী খায়রুল ইসলাম জানান, সদরের কামারপাড়া ভাবনহাটি গ্রামে বজ্রপাতে আলি হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আলী হোসেনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বজ্রপাতে সদর উপজেলার হাজীপুর গ্রামে অপু (২৬), তৃপ্তি (৭) ও আঠারখাদা গ্রামের মরিয়ম (৪০) আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫৫ ঘ.
bdnews24