২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষে মরলো ৩১ বেকার যুবকের ‘আশা’

জয়পুরহাট শহরে রেলওয়ের খাল ইজারা নিয়ে বেকার যুবকদের চাষ করা প্রায় ৫ লাখ টাকার মাছ বিষ প্রয়োগে নিধন করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

জয়পুরহাট, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট শহরে রেলওয়ের খাল ইজারা নিয়ে বেকার যুবকদের চাষ করা প্রায় ৫ লাখ টাকার মাছ বিষ প্রয়োগে নিধন করার অভিযোগ পাওয়া গেছে। তাদের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র ওই খাল ভরাট করে দখলে নেওয়ার উদ্দেশ্যে এ কাজ করেছে। জয়পুরহাট জেলা শহরের কয়েকজন বেকার যুবক ব্যাংকঋণ ও ব্যক্তিগত নানা উৎস থেকে সংগ্রহ করা ২ লাখ টাকায় মাগুর ও তেলাপিয়া মাছের পোনা ছাড়ে ওই খালে। চাকরি না পেয়ে জেলা শহরের শান্তিনগর এলাকার ৩১ জন যুবক ‘যুব সমবায় সমিতি’র নামে সংগঠিত হয়ে ওই খালটি ইজারা নেয়। সংগঠনটির সভাপতি হিসাবে তাদের মধ্য থেকে আবুল কালাম আজাদ বাবুকে দায়িত্ব দেওয়া হয়। শুরু থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল খালটি ভরাট করে তা বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য চেষ্টা করে যাচ্ছিলো বলে অভিযোগ করেন আবুল কালাম আজাদ বাবুসহ সমিতির অন্য সদস্যরা। আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪ মাস পর মাছগুলো পরিণত হলে এগুলো প্রায় ৫ লাখ টাকায় বিক্রি করা সম্ভব হতো। আমাদের মুখের অন্ন কেড়ে নিয়েছে প্রভাবশালীরা। এখন আমরা ব্যাংকঋণসহ অন্যান্য ধার-দেনা কী করে শোধ করব।” তবে স্থানীয় ওই প্রভাবশালী চক্রের নাম প্রকাশ করেনি ‘যুব সমবায় সমিতি’র সদস্যরা। আবুল কালাম জানান, স্থানীয় মৎস অফিসে মাছগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মাছগুলো বিষে আক্রান্ত হয়ে মারা গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষপ্রয়োগে বা অন্য কোনোভাবে খালের পানি দূষণ করেই মাছগুলোকে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১২১ ঘ.