২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিক রেহমানকে আদালতে তলব

তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দ পাওয়ার ব্যাখ্যা দিতে যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানকে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দ পাওয়ার ব্যাখ্যা দিতে যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানকে তলব করেছে হাই কোর্ট। বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চের আদেশ অনুযায়ী তাকে আগামী ২২ মে তাকে আদালতে হাজির থাকতে হবে। ওই এলাকায় প্লট বরাদ্দ নেওয়া চারদলীয় জোট সরকারের দুই প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও জিয়াউল হক জিয়া আদালতের আদেশে বুধবার হাজির হয়। শুনানির এক পর্যায়ে রাজউকের আইনজীবী কে এম সাইফুদ্দিন বলেন, ওই এলাকায় সাংবাদিক শফিক রেহমানসহ অনেকে প্লট বরাদ্দ পেয়েছেন। এরপর আদালত বিএনপি সমর্থক সাংবাদিক শফিক রেহমানকে তলবের আদেশ দেয়। যায়যায়দিনসহ ওই প্লট এখন অবশ্য তার দখলে নেই। মৌখিক আদেশে আদালত দুই প্রতিমন্ত্রীর নামে ঢাকায় কী পরিমাণ জমি রয়েছে, তা হলফনামা আকারে ২২ মের মধ্যে দাখিল করতে বলেছে। কামরুলের স্ত্রী নাজমা ইসলাম এবং জিয়াউল হকের ছেলে জয়ও আদালতে হাজির হন। নাজমা ছাড়া অন্যদের আগামী ২২ মে শুনানিতে আবার হাজির হতে হবে। ওইদিন এই বিষয়ে পরবর্তী শুনানি হবে। বুধবার শুনানিতে বক্তব্য দেন দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া। ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি কালের কণ্ঠে প্রকাশিত ‘রাস্তাকে প্লট বানিয়ে ভাগাভাগি’ শিরোনামের একটি প্রতিবেদন, একই বছর ২৩ মার্চ সমকালে প্রকাশিত ‘সড়ক প্রকল্প রাতারাতি হয়ে গেল শিল্প প্লট’ শিরোনামের আরেকটি প্রতিবেদন এবং সমকালে প্রকাশিত আবু সাঈদ খানের এ সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশিত হয়। এগুলো বিবেচনায় নিয়ে গত ৯ মে আদালত কামরুল ও জিয়াসহ অন্যদের তলব করে। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়, তেজগাঁও শিল্প এলাকার ৬০ ফুট চওড়া রাস্তাকে শিল্পপ্লট বানানোর পর প্রতিকাঠা দেড় লাখ টাকা দরে বরাদ্দ দেওয়া হয়, যার প্রতি কাঠার বাজারমূল্য কমপক্ষে এক কোটি টাকা। ২০০৬ সালে ১০ কাঠা আয়তনের একটি প্লট তৎকালীন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী কামরুল তার স্ত্রীর নামে এবং সোয়া বিঘা আয়তনের দুটি প্লট তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়া তার ছেলের নামে বরাদ্দ নেন বলে প্রতিবেদনে বলা হয়। ২২ মে শুনানিতে হাতিরঝিল প্রকল্পের ম্যাপ তৈরিকারী বুয়েটের তিন শিক্ষক মজিবুর রহমান, শামসুল হক এবং জোবায়ের বিন আলম, পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন), পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলীকেও (শিল্পাঞ্চল) আদালতকে সহযোগিতা করতে বলা হয়েছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯১৩ ঘ.