২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানি হত্যা: রাজশাহীতে ২ ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রমৈত্রীর নেতা রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি হত্যা মামলায় দুই ছাত্রলীগ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 11:22 AM

রাজশাহী, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রমৈত্রীর নেতা রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি হত্যা মামলায় দুই ছাত্রলীগ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক একরামুল হক চৌধুরী এ মামলায় আরও পাঁচ জনকে যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নিজাম হোসেন ও সাধারণ সম্পাদক সাদ্দাম তুষার। ছাত্রলীগ কর্মী ওহিদুজ্জামান বাবু, মেজবাউর রহিম সুমন, খালেছুর রহমান রোকন, জাহিদুল ইসলাম ও কৌসিকুর রহমান অনিককে যাবজ্জীবন এবং উজ্জল, মাসুম ও আব্দুল মতিনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় এই মামলার আসামি শরিফুল ইসলাম, নাজমুল হুদা নবীন ও নাহিদ সারোয়ারকে বেকসুর খালাস দেওয়া হয়। ২০১০ সালের ৭ জানুয়ারি পলিটেকনিক ইন্সটিটিউটের ফটকে সন্ত্রাসী হামলায় ওই ইন্সটিটিউটের ছাত্রমৈত্রীর সহ-সভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি নিহত হন। সানির বাবা মনোয়ার হোসেন চৌধুরীর বোয়ালিয়া মডেল থানায় করা হত্যা মামলার শুনানি শেষে বিচারক এ রায় দেন। রায়ে নিজাম ও তুষারকে ফাঁসি ছাড়াও ৫০ হাজার টাকা, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে এবং ১০ বছর কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় সব আসামীকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৫২২ ঘ.