ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের লাঠিপেটায় আহত এক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২৪ ঘণ্টার মধ্যে মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে শাহবাগে লাঠিপেটায় আহত আজিজুর রহমান (৬০) রাতে তার বাড়ি ফেরার পথে মারা যান বলে শিক্ষক নেতারা জানিয়েছেন।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে চাকরি সরকারি করার দাবির আন্দোলনে সোমবার থেকে শরিক ছিলেন আজিজুর।
মঙ্গলবার দুপুরে শাহবাগে পুলিশি লাঠিপেটার শিকার হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি হন জামালপুরের মাদারগঞ্জের চর ভাটিয়ানি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর।
পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক চিকিৎসায় কিছুটা সেরে ওঠার পর তিনি বাড়ি রওনা হয়েছিলেন। পথে তার মৃত্যু হয়।”
আজিজুর একজন মুক্তিযোদ্ধা ছিলেন বলে জানান তিনি।
সন্ধ্যায় শহীদ মিনারে শিক্ষকদের অস্থায়ী মঞ্চ থেকে জানানো হয়, দুপুরে আজিজুরের বাড়ি মাদারগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
আজিজুর রহমানের স্ত্রী হাজেরা খাতুন বলেন, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
চর ভাটিয়ান রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। আজিজুর রহমান প্রায় ১৮ বছর ধরে সেখানে নিয়োজিত ছিলেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতিও ছিলেন তিনি।
আজিজুর রহমানের বাড়ি মেলান্দহের দক্ষিণ ঘোষেরপাড়া গ্রামে। যোগাযোগ ব্যবস্থার কারণে তিনি পাশের মাদারগঞ্জ উপজেলার রায়গঞ্জ বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী হাজেরা খাতুন মাদারগঞ্জের পশ্চিম পলিশা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/এমআই/২২৪০ ঘ.
bdnews24