নারায়ণগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের তিন মাসের মধ্যেই লাশ হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এক পোশাক শ্রমিক।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে একরামপুর এলাকার ভাড়া বাসা থেকে মনি আক্তার (১৮) নামে ওই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
বন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দরজা খুলে মনির ঝুলন্ত লাশ পাওয়া যায়।
নিহতের বড় বোন পলি আক্তার সাংবাদিকদের জানান, তার বোন মনি ও আইয়ুব পোশাক কারখানায় কাজ করতো। তিন মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা বন্দর উপজেলার একরামপুর এলাকায় ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
হত্যার পর মনির স্বামী আইয়ুব আলী পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৪৬ ঘ.
bdnews24