সিলেট, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বিরোধপূর্ণ জমি দখল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ১১ জনকে।
সোমবার দুপুরে সিলেট-কোম্পানিগঞ্জের ছালিয়া এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
সিলেট বিমানবন্দর থানার ওসি খায়রুল সজল বলেন, ছালিয়া এলাকার ময়না মিয়ার ছেলে দুবাই প্রবাসী আজমল হোসেনের কেনা জমির মালিকানা নিয়ে নগরীর সুবিদ বাজার এলাকার আব্দুল মুহিতের ছেলে আব্দুল হাসিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সোমবার ১০/১২টি লেগুনা, মটরসাইকেল, মাইক্রোবাস ও পিকআপভ্যানে লোকজন নিয়ে শহর থেকে ১০ কিলোমিটার দূরের ওই জমি দখল করতে যায় হাসিম। এ সময় তারা জমির পাশে থাকা কয়েকটি দোকান ভাঙচুর করলে এলাকাবাসীর সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী তিনটি লেগুনা, দুটি মটরসাইকেল, একটি পিকআপভ্যান ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে রাস্তার পাশের খাদে ফেলে দেয়।
এ সময় ৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানান ওসি খায়রুল। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৭২৬ ঘ.
bdnews24