২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ২৭ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

সুন্দরবনে মাছধরা নৌকা থেকে ২৭ জেলেকে অপহরণ করে মুক্তিপণর দাবি করেছে বনদস্যুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

বাগেরহাট, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে মাছধরা নৌকা থেকে ২৭ জেলেকে অপহরণ করে মুক্তিপণর দাবি করেছে বনদস্যুরা। শনিবার ও রোববার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় কয়েকটি মাছধরা নৌকা থেকে তাদের অপহরণ করা হয়। তারা আটক জেলেদের মহাজনদের কাছে নৌকাপ্রতি পাঁচ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে সুন্দরবন পূর্ব বিভাগ ও শরণখোলা জেলে সমিতি। অপহৃতদের মধ্যে দুলাল মীর (৩২), কাঞ্চন বয়াতী (৫০), ছগির (৩৫), হানিফ হাওলাদার (২৫), জাকারিয়া (৩০), কামাল (৪০), আলামিন (২৮), বাবুল (৪৫), আসাদুল (২০) ও মোজাম্মেল (৫০), সোহেল (৩০), আলমগীর (৪৫) ও হালিমের (৩২) বাড়ি শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। শরণখোলা জেলে সমিতির সভাপতি দুলাল ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোরে শহিদুলের নেতৃত্বে রাজু বাহিনীর ৩০/৩৫ জন বনদস্যু ধানসাগর স্টেশনের অন্তর্গত শেলা নদী, তাম্বুলবুনিয়া, হরমল খাল ও হরিণটানা থেকে ২৫ জনকে এবং শনিবার ভোরে অপর দুই জেলেকে অপহরণ করে। তারা পাশ নিয়ে সুন্দরবনের নদী-খালে মাছ ও চিংড়ি পোনা ধরতে যান বলে দুলাল ফরাজী জানান। দুলাল ফরাজী বলেন, ৩০/৪০ জন মহাজন দাদন দিয়ে এ মৎস্যজীবীদের সুন্দরবনে মাছ ধরতে পাঠান। এ মহাজনদের অর্ধশতাধিক নৌকায় প্রায় দুইশ’ জেলে কাজ করে। দস্যুরা ২৭ মহাজনের ২৭ জেলেকে অপহরণ করে নৌকাপ্রতি পাঁচ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। কবির তালুকদার নামে শরণখোলার ধানসাগরের এক মহাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহিদুলসহ কয়েকটি দস্যুদল একত্রিত হয়ে এই হামলা চালায়। সুন্দরবন পূর্ব বিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা গোলাম রাব্বানী স্থানীয় এক জেলের বরাত দিয়ে বলেন, বনদস্যু মুর্তজা, ছাত্তার, রাজা ও শহিদুলের নেতৃত্বে কয়েকটি দল একত্রিত হয়ে শনিবার রাত থেকে রোববার ভোররাত পর্যন্ত তাম্বুলবুনিয়া, হরমল খাল ও হরিণটানা এলাকায় হামলা চালিয়ে অন্তত চল্লিশ জন জেলেকে অপহরণ করেছে। কোস্টগার্ড পশ্চিম জোনের ক্যাপ্টেন সেলিম রেজা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের কোনো জেলে অপহরণের ঘটনা সম্পর্কে তারা কিছু জানেন না। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২১০০ ঘ.