ফরিদপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস চাপায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী নিহত হয়েছেন।
আবু সায়েম দেওয়ান (৪৫) নামে ওই ব্যক্তি স্বাস্থ্য কেন্দ্রের দন্ত বিভাগের টেকনোলজিস্ট।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খাড়াকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী সায়েমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।
লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুস শাকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু সায়েমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকড়ি গ্রামে। সেখানে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে থাকে।
তিনি বলেন, “গত বৃহস্পতিবার সায়েম ছুটিতে বাড়ি গিয়েছিল। রোববার তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৭১৬ ঘ.
bdnews24