২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের জন্য ফখরুলদের যেতে হবে নিম্ন আদালতে

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের জামিন না দিয়ে তিন দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের জামিন না দিয়ে তিন দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। নানা নাটকীয়তার পর বিএনপি নেতাদের আগাম জামিনের আবেদন নিষ্পত্তির জন্য গঠিত বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের ‘তৃতীয় বেঞ্চ’ রোববার এই আদেশ দেয়। দ্রুত বিচার আইনে তেজগাঁও থানায় করা এই মামলায় ইতোমধ্যে বিচারিক আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গাড়ি পোড়ানোর মামলায় আদেশ হলেও সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় করা মামলার আদেশ রোববার হয়নি। ‘তৃতীয় বেঞ্চ’ প্রাথমিক শুনানির পর সোমবার পর্যন্ত বাকি শুনানি মুলতবি করেছে। সেদিন শুনানি শেষে আদেশ হতে পারে। আদালত থেকে বেরিয়ে বিএনপির নেতাদের আইনজীবী মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, “আদালত ১৬ মের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছেন। তার মানে হচ্ছে, তারা মুক্ত অবস্থায় গিয়ে আত্মসমর্পণ করবেন। এর মধ্যে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না।” বিএনপি নেতারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানান তিনি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তৃতীয় বেঞ্চে আদেশ নিয়ে যাতে তারা আত্মসমর্পণ করতে পারে- এ কারণে আদালত এই আদেশ দিয়েছে।” গাড়ি পোড়ানোর এই মামলায় পুলিশ বিএনপি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছে হাকিম আদালতে। এ বিষয়ে আদেশ হবে ২১ মে। এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ ও ৩০ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়, বোমা বিস্ফোরণ ঘটে সচিবালয়ে। এই দুই ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করে শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা করে পুলিশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, এলডিপি প্রধান অলি আহমদসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের এ দুই মামলায় আসামি করা হয়। তাদের সঙ্গে জামিন প্রার্থী বিএনপি নেতাদের মধ্যে আদালতে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাইফুল আলম নিরব, হাবিবউন খান সোহেল, মীর শরফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার খোকন, হাবিবুর রশীদ হাবিব, আবদুল মতিন। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধানও আদালতে ছিলেন। হরতালের ঘটনায় দুই মামলার পর রুহুল কবির রিজভী গ্রেপ্তার এবং ফখরুলসহ কয়েকজনের বাড়িতে পুলিশের অভিযানের পর নেতারা আত্মগোপনে যান। আগাম জামিনের জন্য বিশেষ বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেও ফল পায়নি বিএনপি নেতারা। তাদের নিয়মিত বেঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হলে বিএনপি অভিযোগ করে, আগাম জামিন চাইতে বিএনপি নেতারা যেন আদালতে যেতে না পারেন, সেজন্যই এই ব্যবস্থা। তারমধ্যেই ছুটির এক দিনে পুলিশের চোখ এড়িয়ে আদালত আঙিনায় ঢুকে পড়েন মামলার আসামি বেশ কয়েজনজন বিএনপি নেতা। সারারাত সেখানে থেকে পরদিন তারা আদালতে জামিনের আবেদন করেন। গত সপ্তাহে ওই আবেদন করা হলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাই কোর্ট বেঞ্চ আগাম জামিনের আবেদনে বিভক্ত আদেশ দেয়। এরপর প্রধান বিচারপতির নির্দেশে বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের একক বেঞ্চে পাঠানো হয়। গাড়ি পোড়ানোর এই মামলায় গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া পুলিশের অভিযোগপত্রে ফখরুলসহ ৪৫ জনকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯৪৩ ঘ.