নীলফামারী/মাগুরা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনকালে মাগুরা ও নীলফামারীতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। নীলফামারীতে সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ সদস্যসহ ১০ নেতাকর্মী, আটক করা হয়েছে তিন জনকে।
এ ছাড়া মাগুরায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নীলফামারী প্রতিনিধি জানান, রোববার দুপুর ১২ টার দিকে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে জমায়েত হয়। পরে আবারো মিছিল নিয়ে স্থানীয় চৌরঙ্গী মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও তাদের ধাওয়া দেয়। ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে চার পুলিশসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক নজরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আবু হানিফ। বাকি দুই পুলিশ সদস্যের নাম জানা যায়নি। এ ছাড়া সাইফুল¬াহ রুবেল, রায়হান, আজিমসহ ছয় নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
নীলফামারী থানার ওসি ভুইয়া মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়েছে। গ্রেপ্তার করা হয়েছে জেলা বিএনপির যুগ্ম-আহবায়কসহ ৩ জনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মীর সেলিম ফারুক ও ছাত্রদলের জসিম। অপরজনের নাম জানা যায়নি।
এদিকে মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, বেলা ১১টার দিকে শহরের কলেজ রোডে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
বিএনপি নেতা ফারুকুজ্জামান ফারুক অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এ সময় পাঁচ কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে বলেও জানান তিনি।
অবশ্য সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান দাবি করেন, মিছিলকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়েছে।
ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করার কথাও স্বীকার করেন এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬১৩ ঘ.
bdnews24