২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবেগের লড়াইয়েও জিতল দাবাড়ু ফাহিম

অবশেষে বৈধভাবে ফ্রান্সে থাকার অনুমতি পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর দাবাড়ু ফাহিম আলম, ‘অবৈধ অভিবাসী’ হওয়ার কারণে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছিল যার ভবিষ্যৎ। ফ্রান্স থেকে জানাচ্ছেন চয়ন খায়রুল হাবিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 06:50 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

চয়ন খায়রুল হাবিব ব্রিটানি, ফ্রান্স থেকে ব্রিটানি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে বৈধভাবে ফ্রান্সে থাকার অনুমতি পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর দাবাড়ু ফাহিম আলম, ‘অবৈধ অভিবাসী’ হওয়ার কারণে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছিল যার ভবিষ্যৎ। প্যারিসের ভাল ডে মার্ন প্রিফেকচারের সরকারি দপ্তরে শুক্রবার ফ্রান্সের জাতীয় কিশোর দাবার চ্যাম্পিয়ন ফাহিম এবং তার বাবা নূরে আলমের হাতে বৈধভাবে বসবাসের সাময়িক অনুমতিপত্র তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ফ্রান্সের হয়ে আগামী অগাস্টে প্রাগে ইয়রোপীয় কিশোর দাবা চ্যাম্পিয়ানশিপে খেলাও অনেকটা নিশ্চিত হলো ১১ বছর বয়সী ফাহিমের। প্যারিসের ক্রিটেই এলাকার মেয়র লর্জা কাথালা প্রতিশ্র“তি দিয়েছেন, ফাহিমের বাবাকে শিগগিরই স্থায়ী কাজ দেওয়া হবে। পৌর এলাকাতেই তাদের থাকার ব্যবস্থা করা হবে। বৈধভাবে থাকার অনুমতিপত্র হাতে পেয়ে উপস্থিত সাংবাদিকদের ফাহিম বলে, “বাবাকে ৩ মাসের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে; আমি এতে খুশি।” স্থানীয় কর্মকর্তারা জানান, ফাহিম ও তার বাবা আপাতত তিন মাসের জন্য ফ্রান্সে থাকার অনুমতিপত্র দেওয়া হয়েছে। এই মেয়াদ শেষ হলে তাদের ১ বছর এবং তারপর ১০ বছরের জন্য অনুমতি দেওয়া হবে। ফ্রান্সের ‘ইনরকস’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে ৭ বছরের ফাহিমকে নিয়ে প্যারিসে যান বাংলাদেশি নূরে আলম। স্থানীয় কর্তৃপক্ষের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার পর তাদের ঠাঁই হয় এক আশ্রয়শিবিরে। সেখানে সরকারি মাসোহারা আর টুকটাক কাজকর্ম করেই দিন কাটতে থাকে তাদের। কিন্তু ২০১০ সালে নূর আলমের রাজনৈতিক আশ্রয়ের আবেদন ‘চূড়ান্তভাবে’ প্রত্যাখ্যাত হলে আশ্রয়শিবিরের সেই আশ্রয়ও হারান তারা। ২০১১ সালের গ্রীষ্মে শুরু হয় তাদের ‘পালিয়ে বেড়ানোর’ দিন। তবে এই বিপর্যয়ের মধ্যেও ছেলেকে তালিম দিয়ে যেতে থাকেন দাবা অনুরাগী নূর আলম। ‘অনূর্ধ্ব বিশ বছর’ বয়সী বিভাগে এক টুর্নামেন্টে জয়ী হওয়ার পর স্থানীয় এক দাবা প্রশিক্ষকের নজরে পড়েন ফাহিম। সেই প্রশিক্ষকের পরামর্শেই প্যারিসের ক্রিটেই এলাকার দাবা ক্লাব ‘টমাস দু বুর্গেনেফে’ যান নূর আলম ও ফাহিম। সেখানে ফাহিমের প্রশিক্ষণের ব্যবস্থাও হয়ে যায়। চূড়ান্ত আর্থিক অনটনের মধ্যেও প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার জন্য ক্লাব সংলগ্ন খালপাড়ে তাঁবু গেড়ে বসবাস শুরু করেন তারা। পরে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এবং দাবা ফেডারেশনের সহানুভূতিশীল সদস্যদের বদান্যতায় বিভিন্ন পরিবারের সঙ্গে রাতে থাকার ব্যবস্থা হয় ফাহিমের। আর নূর আলম চালিয়ে যান তার ফেরারি জীবন। ফ্রান্সের জাতীয় দাবা দলের সাবেক প্রশিক্ষক জাভিয়ার পার্মন্টিয়ের প্রশিক্ষণে ফাহিম একে একে বিভিন্ন প্রতিযোগিতার শিরোপা জিততে থাকে। আর গত ২১ এপ্রিল ফ্র্রান্সের জাতীয় কিশোর দাবায় ‘এই অবৈধ অভিবাসী’ কিশোরের শিরোপা জয়ের খবরে আলোড়ন ওঠে ফ্রান্সের গণমাধ্যমে। অভিবাসন নিয়ে ইউরোপের অনেক দেশের মতো ফ্রান্সেও প্রবল রাজনৈতিক বিতর্ক থাকায় দাবাড়ু ফাহিমের খবরটি সে দেশের জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গত সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এক নির্বাচনী বিতর্কে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিও। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ওই বিতর্কের এক দর্শক জানতে চান, ফাহিমের বিষয়ে সরকার কী পদক্ষেপ নেবে। সেদিন ভরা মজলিসে ফ্রাঁসোয়া ফিও ঘোষণা দেন, ফাহিম জাতীয় চ্যাম্পিয়ন হয়ে থাকলে তার বিষয়টি সরকারের সর্বোচ্চ মনযোগের দাবিদার। ফ্রান্সের দাবা ফেডারেশানের কর্মকর্তা এবং ফরাসি ক্রীড়া মন্ত্রণালয়ের চেষ্টায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই ফাহিম ও নূর আলমের বিষয়টির নিস্পত্তি ফয়সালা হয় শেষ পর্যন্ত। নিশ্চিত হয় তাদের বৈধভাবে ফ্রান্সে থাকা এবং ফাহিমের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার বিষয়টিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০৩৯ ঘ.