ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন স্থগিতাদেশে আদালতের আদেশের পর করণীয় নির্ধারণে আগামী মঙ্গলবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন ( ইসি)।
সরকারের প্রধান আইন কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও ইসির আইনজীবীকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।
তিনি সাংবাদিকদের বলেন, ডিসিসি নির্বাচনের বিষয়ে আইনি জটিলতা নিরসন ও করণীয় নিয়ে তাদের মতামত নেওয়া হবে।
২৪ মে ভোটের তারিখ নির্ধারণ করে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল গত ৯ এপ্রিল ঘোষণা করেছিল ইসি।
সীমানা নির্ধারণ আইন বাস্তবায়ন নিয়ে একটি রিট আবেদনে আদালত ১৬ এপ্রিল নির্বাচনে তিন মাসের স্থগিতাদেশ দেওয়ায় নির্বাচনী কার্যক্রম স্থগিত করে কমিশন।
“এক্ষেত্রে আপিল করা হবে, না কি শুধু রুলের জবাব দেওয়া হবে তা নির্ধারণ হবে আগামী সপ্তাহে,” বলে কমিশনার জাবেদ।
ইসি কর্মকর্তারা জানান, ৩০ এপ্রিল আদালতের আদেশের কপি (সার্টিফাইড কপি- এ্যাডভোকেট অন রেকর্ড) হাতে পায় নির্বাচন কমিশন।
সীমানা নির্ধারণের সমস্যা সমাধানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কেও অবহিত হবেন বলে জানান তিনি।
সর্বশেষ ১৯৯৩ সালে অবিভক্ত ডিসিসি’র সীমানা নির্ধারণ হয়েছিল। ওই সীমানা দিয়ে ১৯৯৪ সালে ও ২০০২ সালে ডিসিসি নির্বাচন হয়।
কাজী রকিবউদ্দীনের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই ১৮০ দিনের মধ্যে বিভক্ত ডিসিসি নির্বাচন করার বাধ্যবাধকতার মধ্যে পড়ে। এ ধারাবাহিকতায় গত ৯ এপ্রিল বিভক্ত ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০০৩৫ ঘ.
bdnews24