জয়পুরহাট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহকর্মীকে নির্যাতন করার অভিযোগে জয়পুরহাটে এক গৃহকর্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মারিয়া ইলা ফ্লোরা নামের ওই গৃহকর্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে বুধবার রাতে গৃহকর্মী হাইসিন রীমা বিশ্বাস (২৬) দোতলা থেকে লাফ দেন। আহত অবস্থায় রীমাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একটি পা ভেঙে গেছে এবং মাথায় সেলাই দিতে হয়েছে।
সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনারপট্টি এলাকায় বাসা থেকে গ্রেপ্তার করে ফ্লোরাকে বৃহস্পতিবার দুপুরে শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনালের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রীমা পুলিশকে জানিয়েছেন, তিনি বড় হয়েছেন ঢাকার ইসলামপুরের একটি অনাথ আশ্রমে। আড়াই বছর আগে তাকে গৃহকর্মী হিসেবে জয়পুরহাটে নিয়ে যান ফ্লোরা।
হাসপাতালের বিছানায় শুয়ে রীমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফ্লোরা তাকে প্রায়ই নির্যাতন করতেন। বুধবার রাতে তিনি তাকে পাশের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে বলেন।
৪/৫ বালতি পানি আনার পর শারীরিক অক্ষমতার জন্য আর পানি আনতে না পারায় ফ্লোরা তাকে ইলেকট্রিক ওয়াটার হিটার দিয়ে পেটাতে শুরু করেন। পিটুনি থেকে বাঁচতে রীমা দোতলা থেকে রাস্তায় ঝাঁপ দেন।
স্থানীয় ওয়ার্ড সদস্য ও মানবাধিকার কর্মী নিলুফার জহুর লিলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে রাতেই জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। তারা পরে ওই বাড়িটি ঘেরাও করে । এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ এসে ফ্লোরাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।
ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, এ ব্যাপারে বুধবার মধ্যরাতে মামলা হয়েছে।
ফ্লোরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাশিয়াবাড়ী গ্রামে। তার স্বামী অস্ট্রেলিয়া প্রবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৭৫৭ ঘ.
bdnews24