ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুকে জনপ্রিয় ফল আমের সঙ্গে তুলনা করে যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্যৈষ্ঠ মাস এলো কি না তা দরকার নেই, দরকার আমের, আর সেটা হল পদ্মা সেতু।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মহাজোট সরকারের শেষ সময়ে দায়িত্ব নেওয়া এই মন্ত্রী বলেন, “জ্যৈষ্ঠ মাসের দরকার নেই আপনার দরকার আমের, সেটা হলো পদ্মা সেতু। বাংলাদেশের লোক আম চায়। আমটা দিতে পারবো কিনা সেটাই বড় কথা।”
পদ্মা সেতুকে আমের সঙ্গে তুলনাকারী আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাদের একই অনুষ্ঠানে বলেন, “দেশের স্বার্থে আমাদের যারা সংশ্লিষ্ট কর্তাব্যক্তি আছেন (তাদের) এবং মিডিয়া’র এসব বিষয়ে খুবই সংযত ভাষায় (কথা বলা) এবং সর্তকভাবে শব্দচয়ন করা উচিত।”
সেতুর নির্মাণ কাজ কবে শুরু হতে পারে এ প্রশ্নের জবাবে তিনি জ্যৈষ্ঠ মাস ও আমের তুলনা আনেন। তিনি বলেন, “বারবার একটা কথা বললে তা অতিকথা হয়। এ নিয়ে আমার কি আর কোনো কথা বলা উচিত?”
এরপর কাদের নিজেই তার আগের দেওয়া প্রতিশ্রুত সময়ের হিসেব কষে নতুন প্রতিশ্রুতির ভাষা কী হবে, তা ঠিক করেন।
সাংবাদিকদের তিনি বলেন, “আমার কথা ক্লিয়ার, লাউডার, কনসিসটেন্ট, একই কথা বলে যাচ্ছি। প্রথম বলেছি এক বছর, তারপর দশ মাস, মালয়েশিয়া থেকে ফেরার পর বলেছি নয় মাস। আমি তো এখন আর এক বছর, দশমাস বলতে পারি না, কারণ ওখান থেকে তো তিন মাস চলে গেছে।”
তিনি বলেন, “কাজেই আমাকে এখন বলতে হবে নয় মাসের মধ্যে পদ্মার সেতুর নির্মাণ কাজ শুরু হবে।”
বিশ্বব্যাংক ঋণ চুক্তির মেয়াদ স্বপ্রণোদিতভাবে ছয় মাস বাড়িয়েছে জানিয়ে তিনি বলেন, “এ ব্যাপারে বাংলাদেশ কোনো অনুরোধ করেনি।”
অর্থ ছাড় নিয়ে কেন বিলম্ব হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “তাদের (বিশ্বব্যাংক) সঙ্গে কোনো বিরোধ বা বিরাগ নেই, আমার মনে হয় এসব কথা বারবার বললে নানা কথা থেকে নানা কথা হয়।”
“কারণ বিশ্বব্যাংক অর্থায়ন করছে আমাদের অনেক প্রকল্পে। এডিবি, জাইকা, আইডিবিও আমাদের অনেক প্রকল্পের ডেভেলপমেন্ট পার্টনার। তাদের কারও সাথে প্রতিদ্বন্ধিতা নেই, শত্র“তা নেই, বৈরিতাও নেই।”
পদ্মা সেতুর নির্মাণের ব্যাপারে জনগণের কাছে সরকার প্রতিশ্র“তিবদ্ধ বলে উল্লেখ করে কাদের বলেন, “বিশ্ব ব্যাংকের কোনো দায়বদ্ধতা নেই, তারা না করলেও এটা তাদের ইচ্ছে। সেজন্যই জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে বিকল্প অর্থায়নের আয়োজন করবো।”
তাতে বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কে কোনো ব্যত্যয় ঘটবে তা মনে করি না, যোগ করেন মন্ত্রী।
কাদের বলেন, “বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রথম পদ্মা সেতু না করতে পারলেও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংককে অনুরোধ করব।”
তিনি বলেন, “দীর্ঘসূত্রতার কারণে আমাদের বাকি সময়কালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করতে না পারলেও তারা এই অর্থ অন্যখাতে স্থানান্তর কিংবা দ্বিতীয় পদ্মা সেতুতে দিতে পারে।”
সোনারগাঁও হোটেলে ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন: রোল অব রেগুলেটরস’ শীর্ষক এ আঞ্চলিক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতুতে এডিবি ৬১ কোটি এবং জাপান ১৪ কোটি ডলার ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার দেওয়ার কথা বিশ্ব ব্যাংকের।
তবে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ইতোমধ্যেই এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। এরপর মালয়শিয়া এই প্রকল্পে আগ্রহ দেখায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএমটি/১৭৫১ ঘ.
bdnews24