ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ‘গুমের’ ঘটনার তদন্তের বিষয়ে জানাতে পুলিশ প্রধানকে আপাতত হাই কোর্টে হাজির হতে হবে না।
হাই কোর্টের দেওয়া তলবের আদেশের একদিন পরই তাতে স্থগিতাদেশ এসেছে।
সরকারের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার হাই কোর্টের ওই আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।
আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাংগীর তার সঙ্গে ছিলেন।
রাশেদ জাহাংগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের আদেশ স্থগিতের পাশাপাশি চার সপ্তাহের মধ্যে নিয়মিত আপিলের জন্য আবেদন করতে বলা হয়েছে।
তিন মাসেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রশিবির নেতার কোনো সন্ধান না মেলায় এই ঘটনার ব্যাখ্যা দিতে মঙ্গলবার পুলিশ প্রধানকে তলব করে আদেশ দেয় আদালত।
ওই দুজন গত ৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। অভিযোগ রয়েছে, ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে সাভারের নবীনগরে বাস থেকে র্যাব পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়।
নিখোঁজরা হলেন- শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক, আল ফিকহ বিভাগের ছাত্র আল মোকাদ্দাস এবং অর্থ সম্পাদক, দাওয়াহ বিভাগের ছাত্র ওয়ালী উল্লাহ।
তাদের ‘গুম’ করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে টানা চার দিন কুষ্টিয়ার ওই বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটও ডাকা হয়।
তাদের সন্ধানে রিট আবেদন হলে গত ১৫ ফেব্রুয়ারি আদালত রুল জারি করে।
ওই আবেদনের শুনানিতে বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ আগামী ১৬ মে আইজিপি হাসান মাহমুদ খন্দকারকে হাজির হতে আদেশ দেয়।
বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৩৯ ঘ.
bdnews24