২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজবুত গ্রামীণ অর্থনীতির জন্য কাজ চলছে: রাজ্জাক

গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করে দরিদ্র জনগোষ্ঠীর আয়ের সুযোগ সৃষ্টি করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করে দরিদ্র জনগোষ্ঠীর আয়ের সুযোগ সৃষ্টি করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মঙ্গলবার অনুষ্ঠিত ‘খাদ্য নিরাপত্তার জন্য জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানো’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, “অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে সরকার গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর আয়ের সুযোগ সৃষ্টি করেছে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।” ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত ‘প্রোমোটিং ডেমোক্রেটিক ইনস্টিটিউট অ্যান্ড প্র্যাকটিস (প্রদীপ)’ কর্মসূচির আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়। সর্বশেষ গৃহস্থালীয় আয় ও ব্যয় জরিপ তুলে ধরে আব্দুর রাজ্জাক বলেন, ওই জরিপ অনুযায়ী একজন শ্রমিকের বর্তমানে দৈনিক মজুরি প্রায় ২৪০ টাকা, যা দিয়ে প্রায় নয় কেজি চাল কেনা সম্ভব। আগে এ আয়ের পরিমাণ ছিল চার কেজি চালের সমান। অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। সেমিনারে কৃষি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান, সাংসদ এবিএম আশরাফ উদ্দীন নিজান ও রওশন জাহান সাথী এবং প্রদীপের চিফ অব পার্টি রাসেল পেপি বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনস্টিটিউটের আখতার আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১৪৫ ঘ.