ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের সাংসদ একেএম আউয়ালের দায়ের করা মানহানির মামলায় চার মাসের আগাম জামিন পেয়েছেন বরিশালের তিন সাংবাদিক।
ওই তিন সাংবাদিক হলেন, দৈনিক কালের কণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলাম ও পিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজ এবং দৈনিক সমকালের পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু।
আদালতে হাজির হয়ে জামিন চাইলে মঙ্গলবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চ তাদের আগাম জামিন দেয়।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ৯ মার্চ দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ‘ভূমিহীন এমপি এলেন হেলিকপ্টারে চড়ে’ এবং দৈনিক সমকালে ‘নাজিরপুরে হেলিকপ্টারে এসে হাসপাতাল উদ্বোধন করলের এমপি আওয়াল’ শীরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে মানহানি হয়েছে উল্লেখ করে এমপি আউয়াল গত ১২ মার্চ পিরোজপুর সিনিয়র বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২১১০ ঘ.
bdnews24