সাভার, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনসিডিল বিক্রির অভিযোগে সাভার মডেল থানার ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া কর্তব্যে অবহেলার দায়ে আশুলিয়া থানার পাঁচ পুলিশ সদস্যকেও প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এ প্রত্যাহারের নির্দেশ দেন। সাভারের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
একটি জাতীয় দৈনিকে মঙ্গলবার সাভার থানায় ফেনসিডিল রেখে বিক্রির অভিযোগ আনা হয় কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে।
সাভার মডেল থানার সদস্যরা হলেন উপ-পরিদর্শক (এসআই) পল্টু ঘোষ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাফর ইকবাল, কনস্টেবল হুমায়ুুন কবীর, আব্দুল মালেক, শেখ রহমত উল্লাহ ও লুৎফর রহমান।
আশুলিয়া থানার সদস্যরা হলেন উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার, আইয়ুব আলী, সাইফুল ইসলাম, ইলিয়াচুর রহমান ও আবুল কালাম আজাদ।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেনসিডিল বিক্রির অভিযোগে সাভার মডেল থানা থেকে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনা তদন্তের জন্য ঢাকার অতিরিক্ত ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম।
কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে তিনি জানান।
এদিকে আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তব্যে অবহেলার কারণে আশুলিয়া থানার পাঁচ পুলিশকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১১৪ ঘ.
bdnews24