২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীদের খুন্তির ছ্যাঁকা দেওয়া সেই শিক্ষিকা গ্রেপ্তার

লোহার খুন্তি গরম করে ১৪ ছাত্রীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে শ্যামপুরের তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার সেই শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 06:05 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোহার খুন্তি গরম করে ১৪ ছাত্রীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে শ্যামপুরের তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার সেই শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, জেসমিন আক্তার (৩৮) নামের ওই শিক্ষিকাকে মঙ্গলবার ভোরে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সময়মতো নামাজ না পড়ায় জেসমিন গত ১ মে খুন্তি গরম করে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার ১৪ ছাত্রীকে ছ্যাঁকা দেন। ছাত্রীদের ‘দোযখের আগুন’ সম্পর্কে ধারণা দিতে তিনি এই কাণ্ড করেন বলে সে সময় গণমাধ্যমের খবরে বলা হয়। ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনার দিনই এক শিক্ষার্থীর বাবা আব্দুল জলিল নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। এজাহারে বলা হয়, নামাজ না পড়ার অপরাধে জেসমিন ছাত্রীদের ওই শাস্তি দেন। এরপর ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে নির্যাতিত ১৪ শিক্ষার্থীকে পুলিশ উদ্ধার করে বলে ওসি জানান। ওসি শফিকুল ইসলাম বলেন, “ওই মাদ্রাসায় আর কোনো শিক্ষক ছিল না। জেসমিনই বাচ্চাদের পড়াতেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১৫৮ ঘ.